বার্তা সংস্থা আবনা : মিশরে আরো অন্তত চারটি এফ-১৬ জঙ্গিবিমান পাঠাচ্ছে আমেরিকা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব জঙ্গিবিমান পাঠানো হবে বলে মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মিশরের কাছে এফ-১৬ জঙ্গিবিমান হস্তান্তর করার বিষয়ে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসছে না। আরেক কর্মকর্তা জানান, এফ-১৬ বিমান সম্ভবত আগামী মাসে হস্তান্তর করা হবে।
গত সপ্তাহে মিশরে সেনা অভ্যুত্থানে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর মার্কিন জঙ্গিবিমান হস্তান্তরের এ পরিকল্পনার কথা বের হলো। আমেরিকার আইন অনুযায়ী, কোনো দেশে সেনা অভ্যুত্থান হলে সে দেশকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা স্থগিত করতে বাধ্য মার্কিন প্রশাসন। কিন্তু মিশরে সামরিক অভ্যুত্থান হওয়ার পরও আমেরিকা সে ধরনের ব্যবস্থা নেয়নি। শুধু তাই নয়, গত সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র জে কারনি বলেছেন, “আমাদের স্বার্থেই আমরা মিশরে সামরিক সহায়তা বন্ধ করব না।”